নতুন ডোমেইন আনলো গুগল
ডটআইএনজি (.ing) এবং ডটমিমি (.meme) নামে নতুন দুইটি ডোমেইন আনলো গুগল রেজিস্ট্রি। গুগল রেজিস্ট্রি পোস্টের সূত্রে জানা যায়, টপ লেভেলের ডোমেইন ডটমিমি আগামী ২৮ নভেম্বর সীমিত আকারে চালু হতে পারে। আর ডিসেম্বরে ৫ তারিখ থেকে সবার জন্য উন্মুক্ত হবে। অপরদিকে এক ব্লগপোস্টে গুগলের প্রতিনিধি ক্রিস্টিনা ইয়ে জানিয়েছেন, ডটআইএনজি ব্যবহারে এককালীন কিছু অতিরিক্ত টাকা দিতে হবে। তবে ডিসেম্বরের ৫ তারিখ আসা পর্যন্ত এই অর্থের পরিমাণ প্রতিদিন কমতে থাকবে। আর সেদিনই আন্তর্জাতিক সময় বিকাল ৪টায় ডোমেইনটি আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হবে।
প্রযুক্তি সংবাদ মাধ্যম ভার্জ জানিয়েছে, ডটআইএনজি চালু হলে এর এক্সটেনশনকে নিয়ে ওয়েবসাইটের পূর্ণাঙ্গ শব্দ তৈরি করা যাবে। ফলে নতুন এই ডোমেইনের কারণে এখন থেকে দেখা যাবে যেসব শব্দের শেষে আইএনজি যুক্ত আছে সেসব শব্দের বাকি অংশ দিয়ে ওয়েব অ্যাড্রেস তৈরি করা হচ্ছে। যেমন, বাইং, থিংক ইত্যাদি। তবে এই এক্সটেনশনের ডোমেইন কিনতে গেলে গুনতে হবে অতিরিক্ত কিছু অর্থ। থিংক এবং বাই এই দুটো ডোমেইনের দাম পড়বে যথাক্রমে ৩৮ হাজার ৯৯৯.৯৯ এবং ১ লাখ ২৯ হাজার ৯৯৯.৯৯ ডলার। কেনার পর থেকে প্রতি বছরই এই মূল্য দিতে হবে।







